Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলামৌলভীবাজারে পৌর বিএনপির কাউন্সিল শনিবার, সর্বত্র উৎসবের আমেজ

মৌলভীবাজারে পৌর বিএনপির কাউন্সিল শনিবার, সর্বত্র উৎসবের আমেজ

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার পৌর শহর জুড়ে সাজসাজ রূপ। রাস্তার কোথাও রঙিন ব্যানার, প্রার্থীদের ফেস্টুন, আর  ছাপাখানায় রাতদিনের ব্যস্ততা। সব মিলিয়ে শহর যেন উৎসবের নগরী।

আগামী ২০ সেপ্টেম্বর জেলা শিল্পকলা অডিটোরিয়ামে বসছে মৌলভীবাজার পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল-২০২৫। দীর্ঘদিন পর এবার প্রথম গোপন ব্যালটে পৌর বিএনপির নেতৃত্ব নির্বাচন হতে যাচ্ছে। তাই নেতাকর্মীদের মুখে মুখে একটাই শব্দ “ভোট আর ভোট।”

শহরে উৎসবের আমেজ ওয়ার্ড থেকে ওয়ার্ডে ছুটছেন প্রার্থীরা। কারো হাতে লিফলেট, কারো কণ্ঠে ভোট প্রার্থনার সুর। দোকানপাট, চায়ের আড্ডা, গলির মোড়ে সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু এখন পৌর বিএনপির কাউন্সিল।

এক ওয়ার্ড কর্মী বললেন, “আমাদের জীবনে প্রথমবার এত বড় আয়োজনের অংশ হতে পারছি। আমাদের ভোটের মূল্য আছে—এই অনুভূতিই সবচেয়ে বড় আনন্দ।”

প্রার্থীদের কণ্ঠে উচ্ছ্বাস প্রার্থীরা দিন-রাত সমানতালে ভোট চাইতে ব্যস্ত। সভাপতি পদপ্রার্থী মো. অলিউর রহমান বললেন, গোপন ব্যালটে নির্বাচন আমাদের জন্য নতুন বিষয় । এই নির্বাচন বিএনপিকে আরও শক্তিশালী করবে।

অপর সভাপতি প্রার্থী আনিসুজ্জামান বায়েস মনে করেন, এবারের কাউন্সিল সত্যিকার অর্থে গণতান্ত্রিক নির্বাচন। জয়-পরাজয় যাই হোক, নেতাকর্মীদের এ উৎসবমুখর উপস্থিতিই আমাদের শক্তি।

সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী সারওয়ার মজুমদার বললেন, প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের সাড়া আমাকে অনুপ্রাণিত করছে। এটি হবে আমাদের ঐক্যের প্রতীক। অপর প্রার্থী রুনু আহমদ জানালেন, দীর্ঘদিন পর নেতাকর্মীদের চোখেমুখে এমন উদ্দীপনা দেখছি। গণতান্ত্রিক চর্চার এ উৎসব আমাদের ভবিষ্যতের ভরসা।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী মনোয়ার আহমদ রহমান বললেন, মানুষের দ্বারে দ্বারে ভোট চাইতে গিয়ে যে সাড়া পাচ্ছি, তা সত্যিই অভাবনীয়। প্রতিদ্বন্দ্বী সালাম আহমদ জিতু বললেন, “গোপন ব্যালটের এই নির্বাচন হবে স্বচ্ছ ও ঐতিহাসিক। কর্মীরা পরিবর্তনের জন্য প্রস্তুত।

সিনিয়র যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী চারজনই গণতন্ত্রের জয়গান শোনালেন। কামাল আহমদ বললেন, শহরজুড়ে ব্যানার-পোস্টারের ভিড় গণতন্ত্রের উৎসবের প্রতীক। আমিনুর রশিদ জানালেন, কর্মীরা নির্বাচনের অপেক্ষায় দিন গুনছেন। সামছুল ইসলাম স্বপন বললেন, কর্মীদের রায়কে আমি মেনে নেব, সেটিই হবে প্রকৃত নেতৃত্ব। আর মহসিন আহমদ বললেন, এটি নেতৃত্ব বাছাইয়ের পাশাপাশি গণতান্ত্রিক সংস্কৃতিরও বড় চর্চা।

সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা সাংগঠনিক সম্পাদক পদে। এখানে ছয়জন প্রার্থী। মোস্তাফিজুর রহমান শাহিন বললেন, নেতাকর্মীদের চোখেমুখে উচ্ছ্বাস প্রমাণ করছে বিএনপি এখনও মানুষের হৃদয়ের সংগঠন।
কমরু মিয়া মনে করেন, সঠিক নেতৃত্ব দলকে এগিয়ে নিয়ে যাবে। শেখ জুবেদ বললেন, এই কাউন্সিল আসলে ঐক্যের প্রতিচ্ছবি। শেখ সুজন আহমদ প্রতিশ্রুতি দিলেন, কর্মীদের প্রত্যাশা পূরণে কাজ করব।

মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন বলেছেন,সারা জীবন আমি ভোট দিয়েছি, কিন্তু এই প্রথম ভোট নিচ্ছি। জেলার ১২টি ইউনিটের (৭ উপজেলা ও ৫ পৌরসভা) মধ্যে ইতোমধ্যে ৫টি উপজেলা ও ১টি পৌরসভার কাউন্সিল সম্পন্ন হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর মৌলভীবাজার পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments