নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮নং গেইটের কাছে কার্গো ভিলেজ এলাকায় আগুন লেগেছে। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক-এর জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ।
তাৎক্ষণিকভাবে বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিমানবন্দরের ভেতরে ৮ নম্বর গেইটের কাছে স্কাই ক্যাপিটাল-এর অফিস ও ইম্পোর্ট কার্গো এরিয়ায় এ অগ্নিকাণ্ড ঘটেছে। দুপুর ২টা ৩০ মিনিটে খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। দুপুর ৩টা ১৫মিনিটে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজে যোগ দিয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, অগ্নিকাণ্ডে এখনো কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিমানবন্দরের সব ফ্লাইট অপারেশন বর্তমানে স্বাভাবিক রয়েছে। ঢাকা অভিমুখি সকল ফ্লাইট পাশ্ববর্তী চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার নির্দেশনা দেয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, সংশ্লিষ্ট সংস্থাগুলো আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে।


