রিয়াজুল ইসলাম : মৌলভীবাজার জেলার কুলাউড়ার সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। মঙ্গলবার (২ জুন) বেলা ১১টায় কুলাউড়া শহরের নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানাজার পূর্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলামের নেতৃত্বে মরহুমকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বাদ জোহর জয়চণ্ডী ইউনিয়নের হজরত বিবিমাই (রহ.) মোকামে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সেখানেই কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে সোমবার (১ জুন) দুপুর ১২টায় ঢাকার মিরপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুল মতিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর।
তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দুইবার কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর জানাজায় উপস্থিত ছিলেন- কুলাউড়ার সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল জামাল, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদওয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, উপজেলা জামায়াতের নায়েবে আমির জাকির হোসেন, শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখার, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, মৌলভীবাজার জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খুরশিদ উল্ল্যাহ, পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল ইসলাম, কুলাউড়া সমিতি ঢাকার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে,মরহুমের ছেলে আরাফাত মো. মুজিবসহ সর্বস্তরের মুসল্লি।


