Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলামৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের প্রস্তাব

মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের প্রস্তাব

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালকে ৪০০ শয্যায় উন্নীত করে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তরের প্রস্তাব দিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান।

সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-এর মন্ত্রী সরদার মো. সাখওয়াত হোসেন বকুল-এর কাছে দেয়া এক আনুষ্ঠানিক ডিও লেটারে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।

পত্রে উল্লেখ করা হয়, মৌলভীবাজার সদর হাসপাতালের বিদ্যমান অবকাঠামো ও খালি জায়গা ব্যবহার করে সহজেই একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন সম্ভব। হাসপাতালের পেছনের (পূর্ব দিকে) ফাঁকা জায়গায় একাধিক বহুতল একাডেমিক ভবন নির্মাণের সুযোগ রয়েছে। এছাড়া দক্ষিণ-পূর্ব কোণায় থাকা পরিত্যক্ত আবাসিক ভবন ভেঙে শিক্ষার্থীদের জন্য আধুনিক হোস্টেল নির্মাণ করা যেতে পারে।

এছাড়াও, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান-এর উদ্যোগে নির্মিত তিনতলা নার্স ট্রেনিং সেন্টার ইতোমধ্যে বিদ্যমান থাকায় প্রকল্প বাস্তবায়ন আরও সহজ হবে বলে পত্রে উল্লেখ করা হয়। কেবল নার্সদের জন্য একটি বহুতল আবাসিক হোস্টেল নির্মাণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে।

সংসদ সদস্য নাসের রহমান বলেন, বিদ্যমান মূল হাসপাতাল ভবনে আরও দুই তলা যুক্ত করা এবং পুরাতন ভবন সংস্কারের মাধ্যমে শয্যা সংখ্যা ৪০০-তে উন্নীত করা সম্ভব। এতে ব্যয়ও তুলনামূলকভাবে কম হবে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবেচনাধীন প্রস্তাবিত নতুন মেডিকেল কলেজ হাসপাতালগুলোর তুলনায় মৌলভীবাজারে এই প্রকল্প বাস্তবায়নে কম ব্যয় হবে এবং দ্রুত বাস্তবায়ন সম্ভব। এ বিষয়ে দ্রুত একটি সমন্বিত প্রকল্প প্রণয়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

এদিকে, এমপি নাসের রহমানের ডিও লেটারের প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রী একই দিন (১৩ এপ্রিল) সচিব বরাবর স্বাক্ষর করে পত্রটি প্রেরণ করেছেন বলে জানা গেছে।

১৩ এপ্রিল (সোমবার) বিকেলে নাসের রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে ডিও লেটারের কপি এবং স্বাস্থ্য মন্ত্রীর কাছে তা হস্তান্তরের ছবি পোস্ট করেন। ছবিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর উপস্থিতিও দেখা যায়।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘মৌলভীবাজারবাসীর দীর্ঘদিনের দাবি ‘মৌলভীবাজার মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠা। সে দাবির বিষয় আজ সচিবালয়ে মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা সম্পন্ন হয়েছে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments