নিজস্ব প্রতিবেদক, ঢাকা : গণভোট, সনদ এগুলো আমাদের দেশের সাধারণ জনগণ বোঝে না, এগুলো তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে একথা বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । তবে, আমরা বিএনপি থেকে বলেছি, এগুলো আমরা মেনে নিয়েছি। পরিবর্তন আমরা চাই, তবে যে পরিবর্তনগুলোতে আমরা একমত নই, সেগুলো নির্বাচিত সংসদে গিয়ে তর্ক বিতর্কের মধ্য দিয়ে সিদ্ধান্ত হবে।
রোববার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নবাসীর সঙ্গে দৌলতপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এ দেশে দু’টি উল্লেখযোগ্য গণহত্যা হয়েছে। একটা ১৯৭১ সালে, আরেকটা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময়ে। দুটোই ভয়ংকর অপরাধ। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা স্বৈরাচারের পক্ষ নিয়ে গণহত্যায় জড়িত ছিল তাদের বিচার চলছে। আশা করি আমরা ন্যায্য বিচার পাব। তেমনি ১৯৭১ এর মুক্তিযুদ্ধ চলাকালীন গণহত্যায় হানাদার পাকিস্তানি বাহিনীকে যারা সহায়তা করেছিল, আমরা তাদেরকেও আগামী নির্বাচনে বর্জন করবো ।
তিনি আরও বলেন, একটা দল বলছে- গণভোট হতে হবে নির্বাচনের আগে। আমরা বলছি— গণভোট যদি হতেই হয়, নির্বাচনের দিনে হতে পারে। গণভোট, সনদ এগুলো আমাদের দেশের সাধারণ জনগণ বোঝে না, এগুলো তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, আমরা গত ১৫ বছর ভোট দিতে পারিনি, তাই এবারের নির্বাচন আমাদের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমেই আমরা দেশকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারি।
সার সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচিত হয়ে আসেননি, তাই তারা কৃষকের এসব সমস্যা বুঝতে পারেন না। নির্বাচিত সংসদ থাকলে এসব সমস্যা হতো না। বিএনপি নির্বাচিত হলে কৃষকের সব সমস্যা সমাধানে অগ্রাধিকার দেবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, কৃষকরা কৃষি কার্ড পাবেন, যার মাধ্যমে তারা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ পাবেন, মা-বোনরা পাবেন ফ্যামিলি কার্ড; যার মাধ্যমে তারা চাল-ডালসহ যাবতীয় নিত্যপ্রয়োজনীয় জিনিস ন্যায্যমূলে পাবেন।
তিনি আরও বলেন, বর্তমানে দেশে আপনারা যে কৃষকরা আলু চাষ করেছিলেন, তারা ন্যায্যমূল্য পাননি। কোল্ড স্টোরেজে রাখা নিয়েও বিড়ম্বনার শিকার হয়েছেন। তেমনিভাবে ঠাকুরগাঁওয়ে উৎপাদিত করলা, বেগুনসহ নানা সবজি চাষিরাও তাদের ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না। বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে কৃষকের সব ফসলের ন্যায্যমূল্য পাওয়া নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আসন্ন নির্বাচনকে নিজের জীবনের সম্ভাব্য শেষ নির্বাচন উল্লেখ করে মির্জা ফখরুল জনসাধারণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।


