নিজস্ব প্রতিবেদক : কুলাউড়ার শরীফপুর সীমান্তে মনু নদে মাছ শিকারের সময় তিন বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৭ জুলাই) গভীর রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সংলগ্ন হরিপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ধরে নিয়ে যাওয়া যুবকরা হলো- শরীফপুর ইউনিয়নের হরিপুর গ্রামের জালাল মিয়ার ছেলে মাসুক রহমান মন্টুরি (২০),সঞ্জরপুর গ্রামের আনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩) ও হরিপুর গ্রামের তৈয়ব আলী ছেলে সিপার আহমদ (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে ওই তিনজন বাংলাদেশ সীমান্তের ভেতরে হরিপুর এলাকায় মাছ ধরছিলেন। এ সময় ১৫-২০ জন বিএসএফ সদস্য হঠাৎ সীমান্ত পেরিয়ে এসে তাদের চোরাকারবারি সন্দেহে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। ওই সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় অনেকেই কিছু বুঝে উঠতে পারেননি।
শরীফপুর ইউনিয়ন সাবেক ইউপি সদস্য হারুন মিয়া বলেন, তারা সীমান্ত এলাকায় মাছ ধরতে গিয়েছিলো বলে শুনেছি। পরে বিএসএফ এসে ধরে নিয়ে যায়। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে।
আটক মাসুক রহমান মন্টুরির ভাই ময়নুল মিয়া জানান, আমার ভাই ও অন্য দুইজন বাংলাদেশ অংশে মাছ ধরছিলো। হঠাৎ বিএসএফ এসে তাদের ধরে নিয়ে যায়। আমরা তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় বিজিবিকে জানিয়েছি।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।


