রিয়াজুল ইসলাম : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ব্যাটারী চালিত অটোরিকশা চার্জিং স্টেশনে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)কুলাউড়া। অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি একটি মিটার ও ৯টি ব্যাটারি চার্জার জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিদ্যুৎ চুরির অভিযোগে ৪ লাখ ১৭ হাজার ৩৮৪ টাকা সরকারি রাজস্ব ক্ষতির মামলা করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুলাউড়া উপজেলার আলালপুর এলাকায় অভিযান পরিচালনা করে বিদ্যুৎ বিভাগের কর্তাব্যক্তিরা। অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী সুমন কুমার প্রামানিক জয়।
কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন জানান, আলালপুর এলাকার মো. আলমাছ পারভেজ তালুকদারের অটোরিকশা চার্জিং স্টেশনে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগের সন্ধান পায় বিদ্যুৎ বিভাগের টিম । এ সময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের বিষয় ধরা পড়ায় তাৎক্ষণিকভাবে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। সেসময় একটি ব্যবহৃত মিটার ও ৯টি ব্যাটারি চার্জার জব্দ করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় বিদ্যুৎ আইনে মামলা করা হয়েছে। মামলায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ও চুরির মাধ্যমে সরকারি রাজস্ব ক্ষতির পরিমাণ ৪ লাখ ১৭ হাজার ৩৮৪ টাকা উল্লেখ করা হয়। অভিযানে অংশ নেন উপসহকারী প্রকৌশলী ফুলমিয়া, আল-আমিন ও রিপন চন্দ্র রায় এবং লাইনম্যান মো. হেলাল মিয়া, মিটার রিডার আব্দুর রুউফ ও রুবেল।
কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন জানান, ব্যাটারী চালিত অটোরিকশা চার্জিং এ অবৈধভাবে হাজার হাজার কিলো ওয়াট বিদ্যুৎ চুরি করে ব্যবহার করা হচ্ছে। ফলে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। আর বিদ্যুৎ এর বৈধ গ্রাহকরা বিদ্যুৎ না পেয়ে কষ্ট ভোগ করছেন। আমরা এধরণের চুরি হতে দিতে পারিনা। তাই আগামী কয়েক দিনের মধ্যে বিদ্যুৎ বিভাগ মোবাইল কোর্ট পরিচালনা করে কঠোর ব্যবস্থা গ্রহন করবে। এ ব্যাপারে তিনি সচেতন গ্রাহকদের সহযোগীতা কামনা করেন।


