কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১টার দিএক এই অভিযান চালানো হয়। এ সময় দুইটি রেস্টুরেন্টকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোকশেদ উল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে শমসেরনগর এলাকার আলীবাবা রেস্টুরেন্টে প্রয়োজনীয় রেস্তোরাঁ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, বিএসটিআই লাইসেন্স ব্যতীত দইসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, খাদ্যে বিভিন্ন রং ব্যবহার ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় লেবেল না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও পরিবেশনের মতো বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।
এছাড়া রেস্টুরেন্টটিতে মাছির উপদ্রব, খোলা খাবারে মাছি বসা, বাসি ভাত ও তরকারি সংরক্ষণ, কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার একই ফ্রিজে রাখা, বিষ্ঠাসহ ডিম সিদ্ধ করা এবং ঢাকনাবিহীন পাত্রে খাবার সংরক্ষণের মতো গুরুতর অনিয়মও পরিলক্ষিত হয়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অপরদিকে, একই অভিযানে সিমা আইসক্রিম ফ্যাক্টরিতে বিএসটিআই লাইসেন্স ছাড়া আইসক্রিম উৎপাদন, কাপড়ে ব্যবহৃত রং ও বিভিন্ন প্রিজারভেটিভ ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উৎপাদনস্থলে টয়লেটে ব্যবহৃত বদনা পাওয়া, প্রয়োজনীয় লেবেল না থাকা এবং প্যাকেটে উল্লেখিত উপাদানের যথাযথ তথ্য ও প্রমাণ প্রদর্শনে ব্যর্থতার বিষয়টি ধরা পড়ে। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।


