Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাএড.আবেদ রাজাকে কুলাউড়া আসনে মনোনয়নের দাবিতে চলছে নানা কর্মসূচি

এড.আবেদ রাজাকে কুলাউড়া আসনে মনোনয়নের দাবিতে চলছে নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজার-২ কুলাউড়া সংসদীয় আসনে মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির নেতা ও কেন্দ্রীয় আইনজীবী ফোরাম কমিটির সহ-সভাপতি এডভোকেট এএনএম আবেদ রাজার অনুসারীরা স্থানীয়ভাবে ও ঢাকায় নানা কর্মসূচি পালন করে আসছেন।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে পালন করেছেন প্রতীকী ‘সিট ইন’ নামের কর্মসূচি। স্মারকলিপি দেয়া হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবরে। এছাড়াও তারা আবেদ রাজা সাপোর্টার্স ফোরামের ব্যানারে এ কর্মসূচি পালনের পর তারা আগামী রোববারের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।
গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ সংসদীয় আসনের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। তারমধ্যে ছিল সিলেট বিভাগের মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসন।
প্রার্থীর নাম ঘোষণার পর থেকে স্থানীয় বিএনপির মধ্যে চাপাক্ষোভ দেখা দিয়েছে। প্রার্থী পরিবর্তনের দাবিতে শুরু হয়েছে সভা-সমাবেশসহ নানা কর্মসূচি। দলের নেতাদের অনুসারীদের অনেকে জানাচ্ছেন প্রার্থী পরিবর্তনের দাবি।
রোববার (১৬ নভেম্বর) দুপুরে অ্যাডভোকেট আবেদ রাজা সাপোর্টার্স ফোরামের ব্যানারে ‘সিট ইন’ নামের কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এনাম আহমদ ও সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। তারা কুলাউড়া আসনে অ্যাডভোকেট এএনএম আবেদ রাজাকে মনোনয়ন দেওয়ার দাবিতে সপ্তাহব্যাপী স্বাক্ষর অভিযান শেষে আগামী ১৯ নভেম্বর বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে ‘অঙ্গীকারবন্ধন’ কর্মসূচি পালনেরও ঘোষণা দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের আমলে রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন আবেদ রাজা। সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত থাকায় বেশ কয়েকবার কারাভোগ করেন তিনি। কিন্তু তাকে বাদ দিয়ে প্রার্থী করা হয়েছে যুক্তরাজ্য প্রবাসী কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকুকে। অ্যাডভোকেট এএনএম আবেদ রাজা ছাড়া এই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ড. সাইফুল ইসলাম।
স্থানীয় বিএনপির সূত্র জানায়, দলের প্রাথমিক মনোনয়ন পাওয়া কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী শওকতুল ইসলাম শকু সর্বশেষ উপজেলা বিএনপির সম্মেলনে জয়নুল আবেদীন বাচ্চুর কাছে পরাজিত হন। নামোল্লেখ না করা শর্তে স্থানীয় এক বিএনপি নেতা বলেন, বিএনপির রাজনীতি করার কারণে অ্যাডভোকেট আবেদ রাজার বড় মেয়ে বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হলেও তার গেজেট আটকে দিয়েছিল বিগত আওয়ামীলীগ সরকার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments