মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতেে আবারও সক্রিয় হয়ে ওঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৭টায় হঠাৎ করে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কামিনীগঞ্জ বাজারে ছাত্রলীগের ব্যানারে আকস্মিক বিক্ষোভ মিছিল করে ১০-১৫ জন নেতা-কর্মী। হঠাৎ করে তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘অবৈধ ট্রাইবুনাল মানি না, মানবো না’-এই স্লোগানে বাজার মুখরিত করে তুলে।
স্থানীয় সূত্র জানায়, মিছিলের নেতৃত্ব দেন জুড়ী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ আর সাজেদ। কয়েক মিনিটের মধ্যে মিছিলটি বাজারের কিছু এলাকা প্রদক্ষিণ করে খুব দ্রুত স্থান ত্যাগ করে। মিছিলের ভিডিও নিষিদ্ধ সংগঠনের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করলে তা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এই ঘটনায় স্থানীয় রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন, এটি জুড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগের পুনরুজ্জীবনের ইঙ্গিত বহন করছে।
স্থানীয় সূত্র জানায়, আওয়ামীলীগ ও ছাত্রলীগের প্রভাবশালী মহলের প্ররোচনায় ছাত্রলীগের নেতাকর্মীরা এই ঝটিকা মিছিল করে।
এ ব্যাপারে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুর্শেদুল আলম ভূঁইয়া বলেন, ‘সকালের দিকে সবাই যখন ঘুমে ছিল, তখন ছাত্রলীগের ব্যানারে কয়েকজন হঠাৎ বাজারে মিছিল করে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই, তবে কাউকে পাইনি। তারা গাড়িযোগে এসে কয়েক মিনিটের মধ্যেই চলে যায়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।’


