নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পাচাউন এলাকা থেকে ৭৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২১ হাজার ৮শ’ টাকা সহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গত সোমবার (২১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচাউন বাজার থেকে রুবেল মিয়া (৪০) এবং তার স্ত্রী পারুল বেগম (৩৫) গ্রেফতার করা হয়। তারা মির্জাপুর ইউনিয়নের পাচাউন গ্রামের বাসিন্দা বলে ডিবি জানায়।
জেলা গোয়েন্দা শাখার এসআই মো: আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন এএসআই আবুল ভাসানীসহ পুলিশের একটি দল। অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্দেহভাজনের দেহ তল্লাশি করে রুবেল মিয়ার কাছ থেকে ২০০ পিস ইয়াবা এবং পারুল বেগমের কাছ থেকে আরও ৫৫০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, ঘটনাস্থলে স্থানীয় দুইজন স্বাক্ষী এবং নারী পুলিশ সদস্যের উপস্থিতিতে মালামাল জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বামী-স্ত্রী বলে স্বীকার করে এবং মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে তা নিজেদের কাছে রাখার কথা জানায়। জব্দকৃত ইয়াবা ও নগদ অর্থসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।


