Wednesday, October 21, 2026
Homeদুর্ঘটনাশ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় টমটম চালক নিহত, আটক-২

শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় টমটম চালক নিহত, আটক-২

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৪০) নামে এক ইজিবাইকচালক (টমটম) নিহত হয়েছেন। এ ঘটনায় ডাম্প ট্রাকের চালক জোনায়েদ (২৬) ও চালকের সহকারী (হেলপার) রানা মিয়াকে (৩০) আটক করেছে সাতগাঁও হাইওয়ে থানা-পুলিশ। দুর্ঘটনায় জড়িত ডাম্প ট্রাকটিও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডের সুরমাভ্যালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের গাজীপুর আটঘর গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি পরিবার নিয়ে সিন্দুরখান রোড এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি তিন সন্তানের জনক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি বালুবাহী ডাম্প ট্রাক একটি ব্যাটারিচালিত ইজিবাইককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকচালক আব্দুল মান্নান গুরুতর আহত হন। দুর্ঘটনায় তাঁর একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর পা গুরুতর জখম হয়।

খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন। প্রথমে তাঁকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ট্রাকের ধাক্কায় আহত টমটমচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।’

শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘এ ঘটনায় হাইওয়ে থানা দুজনকে আটক করেছে। নিহতের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments