মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে কুশিয়ারা নদীতে জমে উঠেছিলো অনিন্দ্য সুন্দর নৌকাবাইচ উৎসব। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর থেকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে জড়ো হয়েছিল প্রায় লক্ষাধিক উৎসুক জনতা। হামরকোনা গ্রামবাসী-শেরপুর কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতা যেন পরিণত হয়েছিলো এক মহামিলনমেলায়।
প্রতিযোগিতার খলিলপুর ইউনিয়ন বিএনপির অর্থ-সম্পাদক কর্ণেল আহমদ এর সভাপতিত্বে ও জনপ্রিয় ধারাভাষ্যকার আলী হোসেন রানার ধারাভাষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক এম.পি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত,সদস্য মোঃ ফখরুল ইসলাম, বকশী মিজবাউর রহমান,সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান (সোহান), কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমেদ। নিরাপত্তায় ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি।
প্রতিযোগিতায় নবীগঞ্জের বাগাউড়ার মরম আলীর তরী প্রথম স্থান অর্জন করে পুরস্কার হিসেবে পেয়েছে একটি মোটরসাইকেল। দ্বিতীয় স্থান অধিকারী এস,কের তরী গোতগাও জয় করেছে একটি বড় ফ্রিজ। তৃতীয় স্থান পেয়েছে বল্লভপুরের কানাই শাহের তরী, পুরস্কার হিসেবে পেয়েছে একটি ফ্রিজ। চতুর্থ স্থান অর্জনকারী মিলিক জাগন্নাথপুরের ঈশানের তরী পুরস্কার হিসেবে পেয়েছে একটি এলইডি টিভি।
কুশিয়ারা নদীর ঢেউয়ের বুকে বৈঠার ছন্দে ভেসে চলা এসব তরী যেন গ্রামীণ সংস্কৃতির শেকড়ের টানকে আরও গভীর করে তোলে। নদীর দুই তীরে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাসে উৎসাহ যুগিয়েছে প্রতিযোগীদের।
এলাকাবাসী জানান, প্রতিবছরের মতো এবারও নৌকাবাইচ আয়োজন গ্রামীণ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার প্রয়াস। এই ধারাবাহিকতা চলুক, এমনটাই প্রত্যাশা সকলের। এ আয়োজন শুধু প্রতিযোগিতা নয়, ছিল গ্রামীণ ঐতিহ্য, আনন্দ আর মিলনমেলার এক অনবদ্য মেল বন্ধন।


