নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারে ধানের শীষের প্রার্থী ও নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমানের শপথ গ্রহণের পরপর নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে নেমেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
সকালে শহরের কোর্ট রোড, পৌরসভা স্কুল এলাকা ও প্রেসক্লাব মোড়ে নিজ হাতে ব্যানার-ফেস্টুন অপসারণ করেন মৌলভীবাজার পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কামাল। এ সময় তাদের সঙ্গে স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জানান, নির্বাচন শেষ হয়েছে—এখন সময় শহরকে স্বাভাবিক ও পরিচ্ছন্ন অবস্থায় ফিরিয়ে আনার। অলিউর রহমান বলেন, পর্যায়ক্রমে শহরের সব স্থানের নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণ করা হবে। আমরা শহরকে পরিচ্ছন্ন ও সৌন্দর্যমণ্ডিত রাখতে চাই। তবে জেলার বাকি ছয়টি উপজেলা শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, জুড়ি ও রাজনগরে এ উদ্যোগ এখনো চোখে পড়েনি বলে স্থানীয় লোকজন জানান।
স্থানীয়রা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর এমন দায়িত্বশীল আচরণ নাগরিক শৃঙ্খলা ও সচেতনতার বার্তা বহন করে।
শপথের পরপরই এ উদ্যোগকে অনেকে নতুন রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবেও আখ্যা দিয়েছেন। নেতাকর্মীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতার কাজ দ্রুত এগিয়ে চলছে। বাকি ছয়টি উপজেলা কুলাউড়া, বড়লেখা, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, জুড়ি ও রাজনগরে এ উদ্যোগ এখনো চোখে পড়েনি বলে স্থানীয় লোকজন জানান মৌলভীবাজার সদরের মতো সকল উপজেলায় রাজনৈতিক নেতাকর্মীরা এই কার্যক্রম গ্রহন করলে শহর গুলো সুন্দর ও পরিচ্ছন্ন হতো। নেতৃবৃন্দ বিষয়টি ভেবে দেখবেন কি?


