মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৩ ডিগ্রী, জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
রবিবার চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। গত শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ১২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। সেই সাথে জেলা জুড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। রাতে ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। এক ঘন্টার পথ দেড় থেকে দুই ঘন্টায় পাড়ি দিতে হচ্ছে বলে দূরপাল্লার যানবাহনের যাত্রী ও চালকরা জানান।
বিশেষ করে ভোরের দিকে থেকে ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা বাতাস আর দুপুর পর্যন্ত সূর্যের দেখা না মিলায় শীতের তীব্রতা বেশি অনুভুত হচ্ছে। ফলে সকাল থেকে কাজে বের হওয়া সাধারন মানুষ থেকে শুরু করে চা বাগানের লক্ষাধিক চা শ্রমিকদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। সেই সাথে দুপুর অবধি ঘন কুয়াশায় ঢেকে থাকছে সড়ক মহাসড়ক থেকে চা বাগান, হাওর এবং পাহাড়ি জনপদ। তীব্র শীতের সাথে পাল্লা দিয়ে রোগব্যধি। শীতে সর্দি-কাশি ও শ্বাস রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক লোকজন ও শিশুরা। প্রতিদিন হাসপাতাল ও প্রাইভেট ডাক্তারের কাছে রোগীরা আসছেন।


