নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের পিবিআই হেফাজতে হাজতখানা থেকে আসামী মোকাদ্দুস (৩২) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার শহরের টিভি হাসপাতাল সড়কের পিবিআই অফিসের হাজত খানায় ঘটনাটি ঘটে। মো. মোকাদ্দুস কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের কোনাগাঁও এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
জানা যায়, কমলগঞ্জ থানার হত্যা মামলার আসামী মোঃ মোকাদ্দুসকে কমলগঞ্জ থানা হতে এসআই সাজিদুল ইসলাম রোববার সন্ধ্যায় পিবিআই হাজতখানায় রাখেন।
সোমবার সকাল ৬ টার দিকে আসামী হাজতখানার ভেতর গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় ডিউটিরত পুলিশ। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পিবিআই পুলিশ সুপার জাফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মোকাদ্দুস কমলগঞ্জ উপজেলার একটি হত্যা মামলার আসামি। তাকে গতকালকে কমলগঞ্জ থানা থেকে পিবিআইর কাছে হস্তান্তর করা হয়। সোমবার সকালে হাজত খানার ভিতরে সে লুঙ্গি ছেড়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।


