বড়লেখা প্রতিনিধি : বড়লেখার কুমারশাইল সীমান্ত পথ দিয়ে নারী ও শিশুসহ ৩ বাংলাদেশি ও ১৩ রোহিঙ্গা নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পুশইন করেছে।
জানা যায়, মঙ্গলবার সকাল ৯টায় মৌলভীবাজারের বড়লেখার কুমারশাইল সীমান্ত চা-বাগান এলাকা থেকে বিজিবি নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনকে আটক করে। তারা তখন উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের মধ্যে ১৩ জন রোহিঙ্গা এবং ৩ জন বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় পাওয়া গেছে। প্রাথমিক পরিচয় যাচাই-বাছাই শেষে সবাইকে বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, বিএসএফের পুশইনকৃত ৩ বাংলাদেশি ও ১৩ রোহিঙ্গা নাগরিকের নাম-ঠিকানা নিশ্চিত করে বিজিবি তাদের থানায় সোপর্দ করেছে। বাংলাদেশিদের আত্মীয়-স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হবে। রোহিঙ্গাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।


