মৌলভীবাজারের কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম রাউৎগাঁও গ্রামে সোমবার (১৪ জুলাই) গভীর রাতে মাত্র দুই ঘন্টার ব্যবধানে ওয়ারিছ মিয়া (৭৫) ও তাঁর স্ত্রী রিনা বেগম (৬৮) এর মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী জানান, পশ্চিম রাউৎগাঁও গ্রামের রিনা বেগম কিছুদিন আগে তাঁর মেয়ে বাড়ি কমলগঞ্জ উপজেলার ভানুগাছ এলাকায় বেড়াতে যান। সেখানে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে হঠাৎ সোমবার রাত দেড়টায় মারা যান।
মঙ্গলবার (১৫ জুলাই) ভোরে ফজরের নামাজের ওযু করার পর মোবাইল ফোনে স্ত্রীর মৃত্যু সংবাদ শুনে ওয়ারিছ মিয়া আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। এমন বিরল ঘটনা এলাকার মানুষের হৃদয়ে নাড়া দিয়ে গেছে।
রাউৎগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল জানান, ওয়ারিছ মিয়ার ৪ মেয়ে ও এক ছেলে ছিলো। মৃত ওয়ারিছ মিয়া অত্যন্ত ধার্মিক মানুষ ছিলেন । তিনি রাউৎগাঁও হাফিজিয়া মাদরাসার পরিচালনা কমিটির সদস্য ও রাউৎগাঁও জামে মসজিদ কমিটির সদস্য ছিলেন।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৩টায় রাউৎগাঁও বড় মোকাম প্রাঙ্গণে স্বামী স্ত্রীর একই সাথে জানাজার নামাজ শেষে তাঁদেরকে দাফন করা হয়েছে।


