হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশন ষ্টেশন এলাকা থেকে ট্রেনের ৭০০ বেশি বিভিন্ন আন্তঃনগর ট্রেনের টিকিটসহ তিন কালোবাজারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। সোমবার (১৪ অক্টোবর) রাতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করেছে।
আটককৃতরা হচ্ছেন- হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের দক্ষিণ বড়চরের আব্দুল নূরের ছেলে সোহেল মিয়া (৩৩), শায়েস্তাগঞ্জের দাউদনগরের সাঈদ আলীর ছেলে এনাম মিয়া (৩৪) ও বানিয়াচংয়ের নোয়াগাঁও গ্রামের মৃত জুনায়েদ মিয়ার ছেলে জলিল সরদার (৪০)।
র্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত। তারা বিভিন্ন সময় অনলাইন ও অফলাইনে বিপুল পরিমাণ টিকিট সংগ্রহ করে কৃত্রিম সংকট সৃষ্টি করতেন। পরে এসব টিকিট কয়েকগুণ বেশি দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করে আসছে। অভিযানের সময় তাদের কাছ থেকে ৭০০টিরও বেশি ট্রেন টিকিট উদ্ধার করা হয়। এসব টিকিটের মধ্যে সিলেট-ঢাকা রুটসহ দেশের বিভিন্ন রুটের পুরোনো, বর্তমান ও আগাম টিকিট রয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা রেলওয়ে টিকিট বিক্রিতে জালিয়াতি করে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে ফেলছিল। আটকের পর শায়েস্তাগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্তদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।


