জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নেতার মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। জুড়ীর পূর্ব হরিরামপুর এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে ছালিক রানা (৩৫) নামে শ্রমিক নেতার লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত ১টায় জুড়ীর পশ্চিম জুড়ী ইউনিয়নের পূর্ব হরিরামপুর গ্রাম থেকে পুলিশ লাশ উদ্ধার করে। মৃত ছালিক একই উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চম্পকলতা গ্রামের মৃত মাসুক মিয়ার বড় ছেলে।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, এক সন্তানের জনক ছালিক রানা পেশায় একজন ট্রাক ড্রাইভার। রাতের কোনো এক সময় ছালিকসহ তিনজন লোক পূর্ব হরিরামপুর গ্রামে একটি কলোণীর ওই পরিত্যক্ত ঘরে যান। প্রায় সাড়ে ১২টায় পার্শ্ববর্তী ঘরের লোকজন পরিত্যক্ত ঘরে একজন মানুষকে পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আগামী ৭ নভেম্বর অনুষ্টিতব্য জুড়ী উপজেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ছালিক সহ-সভাপতি পদে প্রার্থী হয়ে ছিলেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. মুর্শেদুল আলম ভূইয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলেে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


