বুলবুল দেব বিপ্লব : মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ঝুলনযাত্রা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানে ঝুলনযাত্রা পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। পূজা মন্ডপে পৌঁছালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা বিএনপি নেতা মহসিন মিয়া মধুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় তিনি বলেন- আপনারা আমার পরিবারের সদস্য, আমার নিজেরও চা বাগান আছে, চা বাগানের একটি প্রথা রয়েছে সে প্রথা অনুযায়ী আমরা মালিক শ্রমিক এক পরিবার এবং একে অন্যের আপনজন।
তিনি আরো বলেন, আপনারা জানেন বিগত দুর্গাপূজা চলাকালীন সময়ে আপনারা যেন নির্ভয়ে সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারেন সেজন্য আমি প্রতিটি পূজা মন্ডপে উপস্থিত থেকেছি, সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছি। গত ৫ আগস্ট পরবর্তী সময়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আপনাদের প্রত্যেকটি পাড়া মহল্লায়, মন্দিরে মন্দিরে গিয়ে আমরা পাহারার ব্যবস্থা করেছি। তিনি আরো বলেন, আমার একমাত্র নীতি শ্রীমঙ্গল কমলগঞ্জের মানুষের উন্নয়ন, শান্তির ও সম্প্রীতি, আর আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি, আমার দল, ও দলের নেতাকর্মী নিয়ে আপনাদের সাথে আছি আপনাদের সাথেই থাকবো।
একসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মিল্লাত হোসেন মিরাশদার, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোবারক হোসেন, পৌর বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক আব্দুল জব্বার আজাদসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


