মৌলভীবাজার সদর প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার খাইছড়া চা বাগান থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে চা বাগানে কর্মরত চা শ্রমিকরা প্রথমে সাপটিকে দেখতে পায়। সাপ দেখে শ্রমিকরা আতঙ্কিত হয়ে চা পাতা তোলার কাজ বন্ধ করে বাগান ব্যবস্থাপকে বিষয়টি জানান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ফিনলে চা কোম্পানির ভাড়াউড়া চা বাগানের ব্যবস্থাপক সাদিকুর রহমান ও খাইছড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক আবু নাসির মো. জামান নাহিদ শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ফোন করে সাপের বিষয়টি জানান।
রবিবার দুপুর ১২ টার দিকে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে থেকে অজগর সাপটিকে উদ্ধার করেন।
ঘটনা সত্যতা নিশ্চিত করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধার করা অজগর সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন ২১ কেজি। উদ্ধারকৃত অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।


