কুলাউড়া প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী আনুষ্ঠানিক ভাবে প্রচারণা শুরু করেছেন। কুলাউড়া আসনের বিএনপি’র ধানের শীষের প্রার্থী ও কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শওকতুল ইসলাম শকু এর সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার বিকেল ৪টায় কুলাউড়ায় দলীয় নেতাকর্মীদের নিয়ে বিশাল শো ডাউনের মধ্য দিয়ে শুরু হয় এই নির্বাচনী প্রচারনা।
নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রার মধ্যদিয়ে উপজেলার ব্রাম্মণবাজার মিশন এলাকা থেকে মো. শওকতুল ইসলাম শকুকে স্বাগত জানান। কুলাউড়ায় আসলে ডাকবাংলো মাঠে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করেন।
ওই শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মাঠে গিয়ে শেষ হয়। এসময় খালেদা জিয়া, তারেক রহমান নামে স্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে এলাকা।
সভার শুরুতে শওকতুল ইসলাম শকু বলেন, তারেক রহমান বিগত ১৭ বছর তৃণমূল নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখেছেন। তিনি জানেন কে মাঠে কাজ করেছে। সেই বিশ্বাস, ত্যাগ ও কর্মের মূল্যায়ন হিসেবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। কোনো তদবির অথবা সম্পর্ক নয়, আমার কাজের স্বীকৃতিতে এই মনোনয়ন পেয়েছি।
তিনি আরও বলেন, ১/১১-এর পর এম এম শাহীন ও মোফাজ্জল করিম দল ছেড়ে গেলে আমি দলকে টিকিয়ে রেখেছিলাম। তারই ফলস্বরূপ আজ দল আমাকে মূল্যায়ন করেছে। আমি বিশ্বাস করি, আবেদ রাজা ভাইকেও দল অবশ্যই মূল্যায়ন করবে। তিনি বলেন বিএনপির ৩১ দফার ভেতরে আছে আগামী দিনের বাংলাদেশের রূপরেখা।
কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্বে ও সম্পাদক বদরুজ্জামান সজলের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


