কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়ায় ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়।
মঙ্গলবার (৯ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বালিকা উচ্চ বিদ্যালয়ে দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার পূর্বে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করে বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়।
কুলাউড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে ও কমিটির সম্পাদক মোঃ ফয়জুর রহমান ছুরুকের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। তিনি বলেন, আজকের তরুণ প্রজন্মরাই আগামী দিনে দুর্নীতিমুক্ত দেশ বিনির্মাণে ভূমিকা রাখবে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সক্ষম হবে। আমরা সবাই তাদেরকে সহযোগিতা করে যাবো। দুর্নীতি শুধু সরকারি খাতে সীমাবদ্ধ নয়, এটি সমাজের সর্বস্তরে বিদ্যমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিটির সাবেক সভাপতি সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো. জাকির হোসেন, সেক্রেটারী বেলাল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, আজিজুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত বাবলু প্রমুখ।


