Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাআধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত: তারেক রহমান

আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে আজ নিজ দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা ১১টা ৫০ মিনিটে তাঁকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর তিনি সরাসরি রাজধানীর উপকণ্ঠে পূর্বাচলের ৩০০ ফুটে আয়োজিত বিশাল জনসভায় যোগ দেন। সেখানে উপস্থিত লাখো মানুষের উদ্দেশে তিনি এক আবেগঘন ও দিকনির্দেশনামূলক বক্তৃতা করেন।

জনসমুদ্রে দেওয়া ভাষণে তারেক রহমান দেশবাসীকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি বলেন, ‘প্রিয় ভাই-বোনেরা, আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদের ধৈর্যশীল হতে হবে। যেকোনো উসকানির মুখে আমাদের ধীর-স্থির ও শান্ত থাকতে হবে। আমরা দেশে শান্তি চাই।’

আগামী দিনের নেতৃত্ব তরুণদের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তরুণ প্রজন্মের সদস্যরাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবেন এবং গড়ে তুলবেন। দেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক ও অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করানোর দায়িত্ব তরুণদেরই গ্রহণ করতে হবে।’

তারেক রহমান তাঁর ভাষণে ন্যায়বিচারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আগামী দিনে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবে, আমরা সকলে নবী করিম (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব।’

বক্তব্যের শেষে তিনি তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। তিনি বলেন, ‘এই মানুষটি দেশের মাটি ও মানুষকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছেন। সন্তান হিসেবে আপনাদের কাছে আমি তাঁর সুস্থতার জন্য আল্লাহর দরবারে বিশেষ দোয়া চাইছি।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments