শুভশ্রী দেব : মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার শহরের মামারবাড়ি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনছুর আলমগীর।
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সভাপতি খালেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মশাহিদ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী শাহ্ বাবলু হোসেন।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজন এর জেলা সাধারণ সম্পাদক রুহেল আহমেদ চৌধুরী, শেখ বোরহান উদ্দিন সোসাইটির চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি এডভোকেট স্বপন কুমার দেব, সহ সভাপতি জুসেফ চৌধুরী, সহ-সভাপতি পিন্টু দেবনাথ, নির্বাহী সদস্য চিনু রঞ্জন তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে শুরুতে ফুলের তোড়া ও উত্তোরীয় পড়িয়ে দিয়ে প্রধান অতিথি,বিশেষ অতিথি, সকল অতিথিদের বরণ করে নেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর পক্ষ থেকে অভিষেক অনুষ্ঠান ” মুক্তবুলি ” স্মরণিকার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. মনছুর আলমগীর বলেন, “বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে অনলাইন নিউজ পোর্টালগুলো দ্রুততম সময়ে সংবাদ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে দ্রুততার পাশাপাশি তথ্যের সত্যতা যাচাই করা অপরিহার্য।” তিনি অপসাংবাদিকতা রোধে এবং জেলার উন্নয়ন ও জনদুর্ভোগের কথা তুলে ধরতে অনলাইন প্রেসক্লাবের সংবাদকর্মীদের দায়িত্বশীলতার সাথে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ইউকে প্রবাসী শাহ্ বাবলু হোসেন বলেন, অনলাইন সাংবাদিকতা বর্তমান সময়ের জন্য গুরুত্বপূর্ণ। দ্রুত সংবাদ পৌঁছে যায় লাখ লাখ মানুষের কাছে । তিনি ভবিষ্যতে পরিশ্রমী সাংবাদিকদের সম্মননা ও পুরষ্কার প্রদান করবেন বলে ঘোষণা করেন। অনুষ্ঠানে শেষ পর্যায়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে অনলাইন প্রেসক্লাব এর পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
পরে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সকল সদস্যকে পরিচয় পত্র (কার্ড) প্রদান করা হয়। সবশেষে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এস.ডি শান্ত ও অন্য শিল্পীরা।


