নিজস্ব প্রতিবেদক :: মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। মঙ্গলবার জেলা প্রশাসকের উদ্যোগে কুলাউড়া উপজেলার মুরইছড়া চা-বাগানের শ্রমিক অনিল সাঁওতাল ও সনচড়ি সাঁওতালের একমাত্র সন্তান গোপাল সাঁওতাল(সাড়ে ৩ বছর) এর সার্বিক চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন। গোপাল সাঁওতাল জন্ম থেকেই দাঁড়াতে ও বসতে পারেনা। তাই তার বাবা-মা তাকে নিজের বাড়িতে একটি মাটির গর্তে বুক পর্যন্ত দাঁড় করিয়ে রাখতো। বিষয়টি মিডিয়াতে এলে প্রশাসনের দৃষ্টিতে আসে। কুলাউড়া উপজেলার ইউএনও মো. মহিউদ্দিন গোপাল এর বাড়িতে গিয়ে কিছু আর্থিক সহায়তা করেন এবং সমাজ সেবা দপ্তর থেকে প্রতিবন্দী ভাতার ব্যবস্থা করে দেন। তিনি বিষয়টি জেলা প্রশাসককে বিষয়টি অবগত করেন।
জেলা প্রশাসন সূত্রে জানায়, কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা-বাগানের বাসিন্দা অনিল সাঁওতাল এর ছেলে গোপাল সাঁওতাল জন্ম থেকে বহুমাত্রিক শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছে। আর্থিক অসচ্ছলতার কারণে শিশুটির পরিবার এতদিন তার চিকিৎসার ব্যবস্থা করতে সক্ষম হয়নি। বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদ দেখে সহায়তার হাত বাড়িয়ে দিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক। জেলা প্রশাসনের অর্থায়নে তাকে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি),মৌলভীবাজার শাখায় চিকিৎসা, থাকা-খাওয়া ও থেরাপি প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এ সংক্রান্ত যাবতীয় ব্যয়ভার সম্পূর্ণভাবে বহন করবে জেলা প্রশাসন।


