Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলামনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের ভূমিকা নিয়ে জামায়াতের উদ্বেগ

মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের ভূমিকা নিয়ে জামায়াতের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে কোনো কোনো রিটার্নিং কর্মকর্তার কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানান।

বিবৃতিতে তিনি বলেন, সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে মনোনয়নপত্র দাখিলের পর এমপি প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এই প্রক্রিয়ায় কোনো কোনো জেলার রিটার্নিং অফিসারের কর্মকাণ্ডে ভিন্ন ভিন্ন চিত্র পরিলক্ষিত হচ্ছে।

কোনো কোনো জেলায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং অফিসারের ব্যক্তিগত এখতিয়ারে পড়ে বা ব্যক্তি বিবেচনায় ছাড় দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও কঠোর নীতি অবলম্বন করা হয়েছে।

পরওয়ার আরও বলেন, কোনো কোনো ক্ষেত্রে উদ্দেশ্যমূলকভাবে রিটার্নিং অফিসারদের বাড়াবাড়ির কারণে অনেক যোগ্য প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। প্রদত্ত তথ্যপ্রমাণ ও প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করার পরও উদ্দেশ্যমূলকভাবে প্রার্থিতা বাতিল করা মোটেও সমীচীন নয়।

আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয়—এমন অপ্রয়োজনীয় ও অহেতুক বিষয়কে সামনে রেখে প্রার্থিতা বাতিল করা হয়েছে। কোনো একটি মহলের ইন্ধনে এসব করা হচ্ছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে।

তিনি বলেন, এভাবে চলতে থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচন কীভাবে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ হবে, তা দেশবাসীর কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। রিটার্নিং অফিসাররা যেন গুরুত্বহীন ও তুচ্ছ ঘটনায় কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল না করেন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানান তিনি।

একই সঙ্গে তুচ্ছ অজুহাতে যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে, তাদের প্রার্থিতা অবিলম্বে বৈধ ঘোষণার জন্য নির্বাচন কমিশনের প্রতিও আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

বিবৃতির শেষে তিনি বলেন, সবার ক্ষেত্রে সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করে নির্বাচনের মাঠ সমতল করতে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments