Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাভারতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ব্যাখ্যা দিলেন জামায়াত আমির

ভারতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ব্যাখ্যা দিলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : ভারতীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠক নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ বিষয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

ডা. শফিকুর রহমান জানান, আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন—ভারত যেহেতু প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ বা বৈঠক হয়েছে কি না। জবাবে তিনি জানান, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতা কাটিয়ে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর দেশ-বিদেশের অনেক ব্যক্তি ও কূটনীতিক তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেই সময় অন্যান্য দেশের কূটনীতিকদের পাশাপাশি ভারতের দুজন কূটনীতিকও তাকে দেখতে তার বাসায় এসেছিলেন।

তিনি আরও বলেন, অন্যান্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে। আমরা তাদের সঙ্গে আলাপ-আলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে এসেছেন, তাদের সকলের বিষয়েই আমরা পাবলিসিটিতে দিয়েছি। আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই। তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম, পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে, তা অবশ্যই পাবলিসিটিতে যাবে। এখানে গোপনীয়তার কিছু নেই।

জামায়াত আমির বলেন, আমি বিস্মিত যে, আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে। আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments