আলী হায়দার সোহেল : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ চার রোহিঙ্গা এবং চার বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। শুক্রবার সকালে উপজেলার বাতামোড়ল নামক পানপুঞ্জি এলাকায় তাদের আটক করেছে বিজিবি।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৩৭৪ থেকে প্রায় ৫০০ গজ ভেতরে বাতামোড়ল নামক পানপুঞ্জি এলাকায় ঘোরাঘুরির সময় নিউ পাল্লাথল বিওপির টহল দল আটজনকে আটক করে।
আটককৃতরা জানায়, কয়েক বছর আগে চার রোহিঙ্গা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। আটক চার বাংলাদেশিও সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাঁদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে শুক্রবার ভোরে বিএসএফ তাঁদের বড়লেখার পানপুঞ্জি সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী চার রোহিঙ্গা এবং চার বাংলাদেশিকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিচয় শনাক্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে আটককৃতদের বড়লেখা থানায় সোপর্দ করা হবে।


