বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় কানাডা প্রবাসী সাকিব আহমদের বাবা ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িত শরীফ আহমেদ (২৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩ আগস্ট) রাতে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা পুলিশের সহায়তায় বাংলাবাজার এলাকা থেকে ওই চোরকে গ্রেপ্তার করা হয়। সেই সময় তার কাছ থেকে ৮ হাজার টাকা উদ্ধার এবং চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
গ্রেপ্তারকৃত শরীফ সিলেটের বিয়ানীবাজার উপজেলার (বৈরাগীবাজার) খাশিবরন হাতির টিলা এলাকার লিটন মিয়ার ছেলে। বর্তমানে সে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার এলাকায় বসবাস করছে।
মামলার পর বড়লেখা থানার এসআই রতন কুমার হালদার, এসআই দেবল চন্দ্র সরকার ও এএসআই ফজলে আজিম সিসি ক্যামেরার ফুটেজ, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত শুরু করেন। এরপর পুলিশ শরীফের অবস্থান শনাক্ত করে। রোববার (৩ আগস্ট) রাতে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা পুলিশের সহায়তায় বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, গ্রেপ্তারকৃত শরীফের দেওয়া তথ্য অনুযায়ী চোরাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং চুরি হওয়া টাকার মধ্যে ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।


