কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় সাইফুর রহমান ফুল নামে এক ফার্মেসি মালিক নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে ফার্মেসির সামনের প্রধান সড়কে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুর রহমান ফুল (৫১) পৃথিমপাশা ইউনিয়নের পুরষাই গ্রামের বাসিন্দা এবং কুলাউড়া উপজেলা হাসপাতালের সামনে অবস্থিত কনক ফার্মেসির সত্ত্বাধিকারী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে নিজস্ব ফার্মেসির সামনে প্রধান সড়ক পারাপারের সময় তিন আরোহী নিয়ে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেছে।
কুলাউড়া থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্যা বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল জব্দ করেছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


