Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকমলগঞ্জপ্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কমলগঞ্জ প্রতিনিধি : ১৭ জুন বুধবার প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শ্রীমঙ্গল আগমন উপলক্ষে আয়োজিত জনসভা সফল করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৫টায় কমলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনে হাজী মুজিব বলেন, তারেক রহমানের শ্রীমঙ্গল সফর ও জনসভাকে কেন্দ্র করে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভাকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, ক্ষমতা গ্রহণের চার মাসের মাথায় প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে আসছেন। তাই এ জনসভা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা প্রদানের একটি উপলক্ষ। আমরা আশা করছি বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ জনসভায় অংশগ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনসভায় আগত সকল মানুষের নিরাপত্তা, শৃঙ্খলা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তিনি জনসভা সফল করতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
হাজী মুজিব আরও বলেন, জনসভাকে কেন্দ্র করে শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে জনগণকে জনসভায় অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করছেন। তিনি বিশ্বাস করেন, এই জনসভা মৌলভীবাজার জেলার রাজনৈতিক অঙ্গনে একটি স্মরণীয় ঘটনা হিসেবে বিবেচিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি এবং জনসভা সম্পর্কিত সার্বিক প্রস্তুতির বিষয়েও অবহিত করেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি মৌলভীবাজার জেলার সর্বস্তরের জনগণকে আগামী ১৭ জুন শ্রীমঙ্গলে আয়োজিত জনসভায় অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল করার আহ্বান জানান।
এদিকে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বুধবারের জনসভা সফল করার লক্ষে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভানুগাছ বাজারসহ বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা করেছে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments