কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পথচারী নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দেবজিত দেব মৃদুল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কুলাউড়া স্কুল চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেবজিত দুলাল দেব মৃদুল কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকার দিপন দেবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ১১টায় স্কুল চৌমুহনী এলাকায় মোটরসাইকেলযোগে যাওয়ার সময় হঠাৎ এক পথচারী নারী সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে মৃদুল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে একটি ড্রেনের সঙ্গে সজোরে ধাক্কা খান।এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুলাউড়া থানার সেকেন্ড অফিসার এসআই ফরহাদ মাতব্বর বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ কুলাউড়ায় আনা হয়েছে।
পরে ওই দিন রাতে কুলাউড়া মহা শ্মশানঘাটে স্বজনরা তার শেষকৃত্য করেন। দেবজিত দেব মৃদুল এর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফেইসবুকে বন্ধু ও স্বজনরা তাকে নিয়ে হৃদয় বিদায়ক নানা পোষ্ট দিচ্ছেন।


