বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলায় এক নারীর গলায় দা ঠেকিয়ে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় পুলিশ তাজিম উদ্দিন (২০) নামে যুবককে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে উপজেলার মহদিকোনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেছে। তাজিম নিজবাহাদুরপুর ইউনিয়নের হলদিরপার গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। তাকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে নিজবাহাদুরপুর নয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন মায়ারুন নেছা (৬০) ও তার নাতি ইকবাল হোসেন (১২)। পথে তাজিম উদ্দিন মায়ারুন নেছার গলায় দা ঠেকিয়ে ভয় দেখিয়ে তার হাতে থাকা স্যামসাং গ্যালাক্সি এম-১২ মডেলের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনার মায়ারুন বড়লেখা থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. অলিয়ার রহমান ছিনতাইকারীকে গ্রেপ্তার ও ফোন উদ্ধারে অভিযান শুরু করেন। শুক্রবার রাতে উপজেলার মহদিকোনা এলাকা থেকে তাজিম উদ্দিনকে গ্রেপ্তার করেন।
বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ছিনতাইকারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।


