নিজস্ব প্রতিবেদক : ‘গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে দেশ ও জনগণের ক্ষতি করলে সরকারকে বেশি দিন সময় দেওয়া হবে না’—বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা বিএনপির বিরুদ্ধে আন্দোলন আন্দোলন খেলা খেলেছিল, ষড়যন্ত্র করেছিল; সেই তারা এখন বলছে সরকারকে সময় দেওয়া যাবে না। তিনি প্রশ্ন রেখে বলেন, তারা কি জনগণের পক্ষে না বিপক্ষে কথা বলে?
বুধবার (১৭ জুন) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘বর্তমান সরকার চার কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড দিতে চায়। তিন কোটি কৃষকের কাছে কৃষক কার্ড দিতে চায়। বর্তমান সরকার প্রাইমারির শিক্ষার্থীদের কাছে স্কুলের পোশাক ও স্কুলব্যাগ দিতে চায়। মসজিদ-মাদরাসা বা অন্য ধর্মের গুরুদের ন্যূনতম একটা সম্মানী দিতে চায়। খাল পুনঃখনন করতে চায়, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করতে চায়।’



