কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহা সড়কে সড়ক দুর্ঘটনায় মারওয়ান আলম (২৪) নামের এক যুবক নিহত হয়েছে। সেই সময় আরও চারজন আহত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত মারওয়ান বড়লেখা উপজেলার কাঁঠালতলী গ্রামের ফয়সল আহমদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, রাত ১২টার দিকে কুলাউড়া থেকে বড়লেখাগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীতদিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল আরোহী মারওয়ান গুরুতর আহত হন এবং আরও চারজন আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মারওয়ানকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে পিকআপ চালক শ্রীমঙ্গলের আলম মুন্সী ও তার সহকারীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
সোমবার দুপুরে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত পিকআপ ও মোটরসাইকেলটি জব্দ করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।


