কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় হাড়কাঁপানো শীতে রেলস্টেশনে শীতার্ত অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা প্রশাসন।
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত কম্বল নিয়ে বৃহস্পতিবার (০১ জানুয়ারি) গভীর রাতে বিভিন্ন এলাকায় শীতার্তদের দ্বারে পৌঁছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।
জানা যায়, পৌষের তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত দরিদ্র মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন, ঠিক তখনই আশীর্বাদ হয়ে হাজির হন এ.সি ল্যান্ড ।
বৃহস্পতিবার রাতে পৌর এলাকা রেলওয়ে স্টেশন, বিভিন্ন বাজারে গিয়ে নিজের হাতে কম্বল জড়িয়ে দেন ঘুমন্ত অসহায় মানুষদের গায়ে। রাতের নিস্তব্ধতায় সরকারি এই উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক শীতার্ত মানুষ।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আনিসুল ইসলাম জানান, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট অনুভব করেই রাতের আঁধারে এই ঝটিকা অভিযান। আজ ০১ জানুয়ারি জেলা প্রশাসক, মৌলভীবাজার স্যারের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসার, কুলাউড়া স্যারের তত্ত্বাবধানে কুলাউড়া পৌরসভার রেলস্টেশনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মূলত প্রকৃত অসহায় মানুষ যারা লোকলজ্জার ভয়ে দিনের বেলা হাত পাততে পারেন না এবং যারা রাস্তাঘাটে খোলা আকাশের নিচে রাত কাটান, তাদের জন্যই এই প্রয়াস।


