নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ক্ষুদে পাঁচ শিক্ষার্থী সিলেট বিভাগের জন্য সম্মান বয়ে এনেছে। প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার এই গৌরব অর্জন করেছে। এ কৃতিত্ব কুলাউড়ার ক্ষুদে বিতার্কিকদের।
জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম ও একাগ্রতার সঙ্গে নিজেদের প্রস্তুত করেছে। প্রতিযোগিতার দিন সকালে ঘুমজড়ানো চোখে স্ক্রিপ্ট হাতে নিয়ে তাদের শেষ মুহূর্তের অনুশীলনের দৃশ্য উপস্থিত সবার মন ছুঁয়ে গেছে। সেই পরিশ্রমই শেষ পর্যন্ত এনে দিয়েছে তাদেরকে কাঙ্ক্ষিত সাফল্য।
গত ১৬ জুন প্রতিযোগিতা শেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের কাছ থেকে চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কার গ্রহণ করে। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছিল।
চ্যাম্পিয়ন সিলেট বিভাগের হয়ে অংশগ্রহণকারী কুলাউড়ার শিক্ষার্থীরা হলো— দেবব্রত চন্দ বর্ণ (বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়), মানবেন্দ্র তালুকদার ঋষভ (বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়),আহনাফ আলভী (রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়), জাফর আল হাদী (নলডরি সরকারি প্রাথমিক বিদ্যালয়) এবং মিফতাউর রহমান আলভী (ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়)।
ক্ষুদে বিতার্কিকদের এ অভূতোপূর্ব অর্জনে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সকলের আশা কুলাউড়ার শিক্ষার্থীদের এ সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। অভিভাবক ও শিক্ষকরা তাদের জন্য দোয়া কামনা করেছেন। যেন এই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে এবং আলোকিত মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। তাদের এই সাফল্য মৌলভীবাজার জেলার কুলাউড়াসহ গোটা সিলেট বিভাগকে জাতীয়ভাবে প্রশংসিত করেছে।
কুলাউড়ার ৫ ক্ষুদে বিতার্কিকের কৃতিত্ব, জাতীয় পর্যায়ে সিলেট বিভাগ চ্যাম্পিয়ন
RELATED ARTICLES


