কুলাউড়া প্রতিনিধি : সিলেটের মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেসের দুর্ঘটনার উদ্ধারকাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে সেকশনের উপসহকারী প্রকৌশলী (পথ) মোজাম্মেল হক।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. রোমান আহমদ।
কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার জানান, মঙ্গলবার সকালে সিলেটের মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছিল। রেলপথ উদ্ধার ও চলাচল স্বাভাবিক করতে কুলাউড়া থেকে প্রকৌশলী মোজাম্মেল হক ঘটনাস্থলে যান। কাজ শেষে মোটরসাইকেলযোগে ফেরার পথে উপজেলার ব্রাহ্মণবাজার এলাকায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।


