নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর ধানমন্ডিস্থ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে তিন দিনব্যাপী ‘মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় গত ২৪ থেকে ২৬ জুলাই অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও ক্লাবের শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক উপস্থিত থাকার কথা থাকলেও প্রধানমন্ত্রীর বিশেষ রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দোলাতউজ্জামান খান, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ (শেখা) সহ ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতিযোগিতার ১৭টি ইভেন্টে অংশগ্রহণ করে দলটি মোট ২টি স্বর্ণ, ১টি রৌপ্য এবং ১০টি ব্রোঞ্জ পদক জয় করে।
স্বর্ণপদক অর্জন করেন মেহজাবিন আবিদা খান, যিনি ফাইট বিভাগে স্বর্ণ ও কাতা বিভাগে ব্রোঞ্জ পদক লাভ করেন। তিনি দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুল, মৌলভীবাজারের শিক্ষার্থী।
আরেক স্বর্ণজয়ী আইরাহ রহমান কাতা বিভাগে স্বর্ণ এবং ফাইট বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেন। তিনি নটরডেম স্কুল অ্যান্ড কলেজ, শ্রীমঙ্গলের শিক্ষার্থী।
আয়াত রহমান কাতা বিভাগে রৌপ্য এবং ফাইট বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেন। তিনিও নটরডেম স্কুল অ্যান্ড কলেজ, শ্রীমঙ্গলের শিক্ষার্থী।
এই সাফল্যে জুসা মার্শাল আর্ট ক্লাবের প্রশিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা পদকজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেছেন।


