নিজস্ব প্রতিবেদক,ঢাকা: মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা হবে। এদিকে বিচার প্রক্রিয়া নস্যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সোমবার দেশব্যাপী শাটডাউনের ঘোষণা দিয়েছে।
তবে এসব কর্মসূচিকে উপেক্ষা করে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে গণপরিবহন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
রোববার (১৬ নভেম্বর) রাজধানীর মতিঝিলে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
সংবাদ সম্মেলনে হুমায়ূন কবির খান বলেন, দেশের যোগাযোগব্যবস্থা সচল রাখতে পরিবহনমালিক ও শ্রমিকেরা দায়িত্ব পালন করছেন। কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে, তা প্রতিহত করা হবে। একই সঙ্গে প্রশাসনিক কর্মকর্তারা আইনশৃঙ্খলা রক্ষা এবং দেশের কার্যক্রম স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করছেন।
তিনি বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়া অন্তর্বর্তী সরকারের কাজ বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ এসব কর্মসূচির ঘোষণা দিয়েছে। ফেডারেশন এসব কর্মসূচি ও নাশকতার তীব্র নিন্দা জানাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত শ্রমিক-মালিকদের জন্য সরকারের কাছে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান।
গত বৃহস্পতিবার আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে ২০টি পরিবহনে আগুন দেয়ার তথ্য জানানো হয়। এরমধ্যে ময়মনসিংহে একটি বাসে আগুন দিয়ে চালক জুলহাসকে হত্যা করা হয়েছে। এর প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল করেন পরিবহন শ্রমিক সংগঠন।


