Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাসিলেট বিভাগের রেল সেবাকে আধুনিক করতে উদ্যোগ নিচ্ছে সরকার-মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেট বিভাগের রেল সেবাকে আধুনিক করতে উদ্যোগ নিচ্ছে সরকার-মন্ত্রী আরিফুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আকস্মিক পরিদর্শনে এসে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সরকার রেল বিভাগকে আরও আধুনিক, গতিশীল ও জনবান্ধব করতে পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি বলেন, “ঢাকা-সিলেট রেললাইনটি দীর্ঘদিনের পুরোনো। জনগণের স্বার্থে এই রেলপথে কী কী উন্নয়ন করা যায়, তা আমরা পর্যালোচনা করছি। সাধারণ মানুষ যেন আরও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন এবং রেলের সেবার গুণগত মান কীভাবে আরও বৃদ্ধি করা যায়, মূলত সেটিই আমি দেখতে এসেছি।

শনিবার সকালে মন্ত্রী শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের যাত্রী বিশ্রামাগার, টয়লেটের ব্যবস্থা, পরিচ্ছন্নতা এবং স্টেশনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।

এ সময় তাঁর সঙ্গে সফরসঙ্গী ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, পরিকল্পনা কমিশনের সদস্য কবির আহমদ ও মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন।

পর্যটকদের জন্য সিলেট বিভাগে আরও একটি ট্রেন চালুর বিষয়ে বলেন, “আমাদের সরকারের বয়স অল্পদিন। আমাদের কিছুটা সময় দিন। আমাদের বলতে হবে না, জনগণের প্রয়োজনীয় বিষয়গুলো আমরা নিজ দায়িত্বেই বাস্তবায়নের উদ্যোগ নেব।

পরিদর্শনের সময় তিনি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতা, টয়লেটের মানোন্নয়নসহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের জন্য তাঁর সফরসঙ্গী রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
মন্ত্রীর সফরসঙ্গী মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন বলেন, “সিলেট অঞ্চলের রেলওয়েকে আরও আধুনিক ও সম্প্রসারণ এবং যাত্রীসেবার মান যাচাই করতেই মূলত আজকের এই পরিদর্শন।” তিনি জানান, এর আগে মন্ত্রী শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনও পরিদর্শন করেছেন। তিনি আরও বলেন, মন্ত্রী মূলত সিলেটের জাফলং পর্যন্ত রেললাইন সম্প্রসারণের সম্ভাবনা পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সফরে এসেছেন। সেখানে যাওয়ার পথে তিনি বিভিন্ন রেলওয়ে স্টেশন পরিদর্শন করছেন।

পরে কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে ট্রেনটি কিছু সময় দাঁড়ালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও সফররত উচ্চপদস্থ কর্মকর্তারা ট্রেনের দরজায় দাঁড়িয়ে স্থানীয় সাধারণ মানুষের কাছ থেকে রেলওয়ের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments