Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাশ্রীমঙ্গলে ছদ্মবেশে স্বামী-স্ত্রী সেজে পলাতক মাদক কারবারি গ্রেফতার

শ্রীমঙ্গলে ছদ্মবেশে স্বামী-স্ত্রী সেজে পলাতক মাদক কারবারি গ্রেফতার

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত পলাতক মাদক কারবারি স্বপন মিয়া (৩৪) অবশেষে পুলিশের অভিনব কৌশলের কাছে ধরা পড়েছেন। শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্বপন মিয়া দীর্ঘদিন ধরে মাদক ও সীমান্ত ঘেঁষা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। পুলিশের উপস্থিতি টের পেলেই দ্রুত গা-ঢাকা দেওয়ার কারণে তাকে ধরতে বারবার ব্যর্থ হচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী। তার একাধিক সোর্স থাকায় পুলিশের উপস্থিতি আগাম তথ্য পেয়ে পালিয়ে যেত সহজেই।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম-এর দিকনির্দেশনায় এএসআই শরাফত আলী ভিন্নধর্মী পদ্ধতি গ্রহণ করেন। তিনি বোরকা পরে নারী চরিত্রে এবং সঙ্গীয় ফোর্স সদস্য মো রোকন উদ্দিন পাঞ্জাবি-টুপি পরে স্বামী সেজে মোটরসাইকেলে স্বপন মিয়ার বাড়ির ভেতরে প্রবেশ করেন। ঘরে ঢোকার পর দেখা যায়, স্বপন মিয়া বিছানায় শুয়ে আছে। পরিস্থিতি অনুধাবন করার আগেই পুলিশ তাকে দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এএসআই শরাফত আলী বলেন, দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তার করার চেষ্টা করছি। সে অত্যন্ত চতুর; সামান্যতম পুলিশি নড়াচড়া টের পেলেই পালিয়ে যেত। এজন্য কৌশলগত পরিবর্তন আনতে হয়েছে। অবশেষে ছদ্মবেশে অভিযান চালিয়ে সফলভাবে তাকে আটক করতে পেরেছি।

শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, আসামি গ্রেপ্তারের এই সফল অভিযান প্রশংসনীয়। ওয়ারেন্টভুক্ত কোনো অপরাধীই আইনের বাইরে থাকতে পারবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments