শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চুরি হওয়া স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ রাসেল আহমেদ মোস্তফা নামে একজনকে গ্রেফতার করেছে।
শুক্রবার রাত অনুমান ২ ঘটিকার সময় (১৬ আগস্ট) শ্রীমঙ্গলের পূর্ব রূপসপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে রাসেল আহম্মদ মোস্তফাকে (৩৭) গ্রেফতার করা হয়েছে।
অভিযানে মোস্তফার কাছ থেকে নগদ ১ লাখ ১৩ হাজার টাকা, ৩টি মোবাইল ফোন, ১টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের আংটি, ২টি স্বর্ণের নাকফুল, ২টি রূপার চেইনসহ মোট প্রায় ১ লাখ ৩৯ হাজার ৪৬৫ টাকার চোরাই মালামাল উদ্ধার করা হয়।
গত ১৫ আগস্ট সন্ধ্যার পর পূর্ব রূপসপুরে এলাকার মোঃ জসিম মোল্লার বাসা থেকে অজ্ঞাত ব্যক্তিরা স্বর্নালংকার, মোবাইল ও টাকাসহ মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন তিনি।
ঘটনার পরই শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামসহ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। ও.সি’র দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ এমদাদুল হকের নেতৃত্বে এসআই মহিবুর রহমানসহ অভিযান পরিচালনা করে মালামাল উদ্ধার ও চুরির ঘটনায় জড়িত রাসেলকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত রাসেল আহম্মদ মোস্তফা পূর্ব রূপসপুর এলাকায় খালেক হাজারির বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। আজ শনিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


