মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই দিন সকাল ৬টায় সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক দিলীপ বৈষ্ণব জানান।
তিনি বলেন, এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই মৌসুমেরও শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েকদিন তাপমাত্রা নিচের দিকে থাকতে পারে।
এদিকে তাপমাত্রা কম থাকলেও শ্রীমঙ্গলে সকাল ৭টার পরে থেকে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদ উষ্ণতা ছড়িয়েছে।
এর আগে কুয়াশার চাদরে ঢাকা ছিল শ্রীমঙ্গলের চা বাগান ও গ্রামাঞ্চল।
শ্রীমঙ্গল শহর ও শহরের বাইরের এলাকাগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যার পর শহরে তাপমাত্রা একটু বেশি থাকলেও গ্রাম ও চা বাগানে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে।


