রিয়াজুল ইসলাম : মৌলভীবাজারে মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনে আসক্তিকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৪ আগষ্ট সকালে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সাফইফুর রহমান অডিটরিয়ামে প্রায় ৪শত শিক্ষার্থীদের শপথ অনুষ্ঠিত হয়।
দুপুরে মৌলভীবাজার জেলা শহরের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে ১শ’ গাছের চারা উপহার দেওয়া হয়, তারা চারা হাতে নিয়ে দেশপ্রেমের শপথ নেয়। এ সময় শিক্ষার্থীরা মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং, বাল্যবিয়ে, স্মার্ট ফোনে আসক্তিকে না বলে লাল কার্ড প্রদর্শন করে শপথ নেন।
পরে মতবিনিময় সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুলসী রানী সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: ফজলুর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের ও লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মাহিয়া আক্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার শাখার সভাপতি তালহা আমীন, সহ সভাপতি জিয়াদ, সহ সভাপতি আমিনা রামিম, সাধারণ সম্পাদক নূর-ঈ সাদী, যুগ্ম সাধারণ সম্পাদক তাসফিক প্রমুখ। এটি ছিল লাল সবুজ উন্নয়ন সংস্থার ১৮৮৬ তম অনুষ্ঠান।
নিয়মিত পড়াশুনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, সবসময় সত্য কথা বলতে, কখনও মাদক সেবন না করতে, ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের আগে বিয়ে না করতে শিক্ষার্থীদের শপথ করান সংগঠনের সভাপতি কাওসার আলম সোহেল।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার আলম সোহেল জানান, সংগঠনটির সদস্যরা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে গত ১৪ বছরের বেশি সময় ৬৪ জেলার বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার্থীদের সচেতন করে আসছেন। এছাড়া মাদক বিরোধী কর্মসূচি, বাল্যবিবাহ বন্ধ, কিশোর অপরাধ, ইভটিজিংসহ নানা অপরাধমূলক কাজ থেকে বিরত থাকার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনামূলক কর্মসূচি পালন করে আসছেন। সংগঠনটি এ পর্যন্ত ৪৩ লাখ শিক্ষার্থীকে সচেতন করেছে এবং ৬ লাখের বেশি গাছের চারা বিতরণ করেছে। আগামী ৩ আগষ্ট তাদের কর্মসূচি জেলার কুলাউড়া ও জুড়ী উপজেলায় রয়েছে।


