Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকমলগঞ্জকমলগঞ্জে চুরির অপবাদে বৃদ্ধকে নির্মম নির্যাতন

কমলগঞ্জে চুরির অপবাদে বৃদ্ধকে নির্মম নির্যাতন

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামে চুরির অপবাদে বৃদ্ধকে নির্মম নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে প্রকাশ পায়, কৃষিজমিতে কাজ করতে গিয়ে প্রতিবেশীর হাতে মারধরের শিকার হয়েছেন স্থানীয় বাসিন্দা পুনিল সিংহ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল বুধবার ভোরে নিজ জমিতে কাজ করতে যান পুনিল সিংহ (৬৫)। পাশের জমিতে কৃষিকাজ করছিলেন তার প্রতিবেশী রঞ্জন সিংহ ও তার স্ত্রী। এ সময় পুনিল সিংহের বিরুদ্ধে সবজি চুরির অভিযোগ তুলেন রঞ্জন সিংহ।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে পুনিল সিংহকে তার জমি থেকে ধরে এনে হাত-পা বেঁধে মাটিতে ফেলে লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করা হয়। এ ঘটনায় রঞ্জন সিংহ ও তার স্ত্রী সরাসরি জড়িত বলে জানা গেছে। নির্যাতনের পুরো ঘটনাটি ভিডিও ধারণ করা হয় এবং পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

স্থানীয়দের দাবি, অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর সার্জেন্ট রঞ্জন সিংহ দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন।

অভিযুক্ত রঞ্জন সিংহ ও তার স্ত্রী কোন মন্তব্য করতে রাজী হননি। তাদের দাবি, এটি পারিবারিক ও সামাজিকভাবে মীমাংসা হবে।

অন্যদিকে, আহত পুনিল সিংহ বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের সদস্যরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এভাবে একজন মানুষকে নির্যাতন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি সুস্থ হয়ে ফিরলে আমরা আইনি ব্যবস্থা নেব।

এ বিষয়ে আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদাল হোসেন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখার পরপরই তিনি বিষয়টি খোঁজ খবর নিয়েছেন। তিনি বলেন, ভুক্তভোগীরা আনুষ্ঠানিক অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments