নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়েত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতসহ ১০ দলীয় জোট নতুন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেছি। আমরা এ দেশ বিভক্ত চাই না। বাংলার মানুষকে বিভক্ত হতে দেবে না। আমরা বিজয়ী হলে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবো। ঘরে বাইরে নারীদের নিরাপত্তা দেয়া হবে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজ মাঠে বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতসহ ১০ দলের প্রার্থীরা বিজয়ী হলে সরকার গঠন করবে এবং দেশের বন্ধ শিল্প কারখানা চালু করা হবে এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ডাকাত, চোর ও দুর্নীতিবাজ সৃষ্টি হতে দেয়া হবে না। তাদের কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে। আমাদের প্রথম কাজ হবে শিক্ষার মান উন্নয়নে ব্যবস্থা নেয়া।
একটি দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে মা বোনদের ঘর হতে বের দেবেনাসহ নানা রকমের মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। কিন্তু আমরা যদি দেশ পরিচালনার ক্ষমতা পাই তাহলে মায়ের মর্যাদাসহ নারীদের মান উন্নয়ন করা হবে। যারা বড় বড় কথা বলেন, তাদের হাতেই মা বোনরা লাঞ্ছিত হন। আমরা মুখ খুলতে চাই না। যদি খুলতেই হয়, তাদের অস্তিত্ব থাকবে না। নবীজি সালালাহু আলাইহি ওয়াসালাম প্রত্যেকটি যুদ্ধে মা-বোনদেরকে যোদ্ধা হিসেবে সঙ্গে করে নিয়ে গেছেন। যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ আসমানের নিচে, জমিনের উপরে হয় না। সেই কাজে যদি মায়েরা ভূমিকা পালন করতে পারেন। তাহলে সমাজে এমন কোনো কাজ নাই যেখানে তারা দায়িত্ব পালন করতে পারবেন না। বর্তমান সমাজেও নারীরা কাজ করেন। কিন্তু তাদের নিরাপত্তা ও মর্যাদার বড়ই অভাব। মুসলমান, হিন্দু, গরিব ও ধনী সবার সমান বিচার করা হবে এবং থাকবে না কোন বৈষম্য। দুবৃর্ত্তরা সংশোধন না হলে তাদের আর ক্ষমা করা হবে না। কাউকে টেন্ডারবাজি চাঁদাবাজি করতে দেয়া হবে না এবং সকল সরকারি কাজে টেন্ডার হবে ই-টেন্ডার। চুনেপুটি ধরা হবে না, বড় বড় পুটি ধরা হবে।


