নিজস্ব প্রতিবেদক : জেলার কুলাউড়ায় দীর্ঘদিন ধরে জব্দ করা বালু এবার নিলামে তুলেছে উপজেলা প্রশাসন। এতে স্থানীয় এলাকায় বালু নিয়ে বিবদমান দুটি পক্ষের মধ্যে দ্বন্ধের অবসান হতে যাচ্ছে। দুই বছরের বেশি সময় পর প্রকাশ্য সেই বালু নিলামে তোলায় এলাকার লোকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নিলাম করার জন্য বালুর পরিমাণ ২ কোটি ৯৬ লক্ষ ৪১ হাজার ১৯২ ঘনফুট। এর মূল্য ধরা হয়েছে ১৩ কোটি ৩৩ লাখ ৮৫ হাজার ৩৬৪ টাকা।
এদিকে বালু নিলাম কার্য বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক কার্যালয় থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী ও পানি উন্নয়ন বোর্ডের একজন প্রতিনিধি।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বালু নিলাম কমিটির আহবায়ক মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এক নিলাম বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২ জুলাই কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের সালন, হাজীপুর ইউনিয়নের কনিমুড়া, হরিচক ও সাধনপুর নামক স্থানে ১৪৩০ বাংলা সনে মজুতকৃত মোট ২ কোটি ৯৬ লক্ষ ৪১ হাজার ১৯২ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। গত ৬ আগস্ট মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখা থেকে স্পট নিলামের মাধ্যমে জব্দকৃত বালু বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। বালু নিলাম ক্রয়ে আগ্রহী ব্যক্তিদের জব্দকৃত বালুর স্থান পরিদর্শন করে যথাসময়ে নিলাম কার্যে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
টিলাগাঁও ইউনিয়নের সালন এলাকায় জব্দ করা ১ কোটি ৬২ লক্ষ ১৩ হাজার ৬৮০ ঘনফুট বালুর মূল্য ধরা হয়েছে ৭ কোটি ২৯ লক্ষ ৬১ হাজার ৫৬০ টাকা। হাজীপুর ইউনিয়নের কনিমুড়া এলাকায় জব্দ করা ৭৯ হাজার ৫০ ঘনফুট বালুর মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৭২৫ টাকা। হরিচক এলাকায় ১ কোটি ২৯ লক্ষ ৮৬ হাজার ৯৩২ ঘনফুট বালুর মূল্য ধরা হয়েছে ৫ কোটি ৮৪ লক্ষ ৪১ হাজার ১৯৪ টাকা। সাধনপুর এলাকায় ৩ লক্ষ ৬১ হাজার ৫৩০ ঘনফুট বালুর মূল্য ধরা হয়েছে ১৬ লক্ষ ২৬ হাজার ৮৮৫ টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, বিগত সময়ে হাজীপুর ও টিলাগাঁও ইউনিয়নের চারটি স্থানে জব্দ করা বালু অবৈধভাবে বিক্রির অভিযোগ রয়েছে। পরবর্তীতে ওই বালু নিলামের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে চিঠি পাঠানো হয়। সেখান থেকে নির্দেশনা আসার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জব্দ করা বালু প্রকাশ্য নিলামের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এই নিলামের মাধ্যমে সরকারের কোষাগারে অনেক টাকার রাজস্ব জমা হবে। তিনি আরো বলেন, আগামী ১৮ আগস্ট ৪টি স্থানে জব্দ করা বালু নিলাম করা হবে। নিলাম কাজে গঠিত কমিটির সদস্য ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ উপস্থিত থাকবে।


